উত্তরদিনাজপুর

ইসলামপুরে জাতীয় সড়কে পাল্টি হল পুলিশ কর্মী বোঝাই গাড়ি, আহত ১২ জন পুলিশ কর্মী

নিজেদের গন্তব্যস্থলে পৌঁছানোর আগে পথ দুর্ঘটনার কবলে পরল পুলিশ বোঝাই একটি গাড়ি। জাতীয় সড়কে গাড়িটি উল্টে গেলে এই পথ দুর্ঘটনার ঘটে ,দুর্ঘটনার জেরে আহত হয় ১২ জন পুলিশ কর্মী। দুর্ঘটনাটি ঘটে রবিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে কলেজ মোর এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে। তড়িঘড়ি আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। উল্লেখ্য শনিবার জেলার চোপড়া থানার কাচাকলি চান্দ্রাগছ এলাকায় বিজেপির বিস্তারক যাত্রায় দুষ্কৃতীর হামলায় গুলি বিদ্ধ মৃত্যু হয় এক বিজেপি কর্মীর। ঘটনায় আহত হন আরও বেশ কয়েকজন বিজেপি সমর্থক। এই ঘটনার পরেই উত্তপ্ত হয়ে ওঠে চোপড়া। বিজেপির কর্মীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে রবিবার ১২ ঘন্টা জেলা বনধের ডাক দেয় বিজেপির জেলা নেতৃত্ব। এলাকার উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতেই চোপড়া যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পুলিশ বোঝাই এই গাড়িটি। দুর্ঘটনায় আহত ১২ জন পুলিশ কর্মী বর্তমানে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

            আহত এক মহিলা পুলিশ কর্মী জানান, তারা ইসলামপুরে ছিলেন সেখান থেকে চোপড়া যাচ্ছিলেন। যাবার পথে আচমকায় কীভাবে গাড়িটি পাল্টি হয়ে যায় মুহূর্তের মধ্যে তা বুঝতে পারেননি। গাড়ির ভেতরে অনেক হেলমেট ও সরঞ্জাম থাকার কারনে এবং একজনের উপর আরেক জন পরে যাবার ফলে অনেকেই আহত হয়েছেন।